রাখি সাওয়ন্তছবি: Instagram
Published on
:
1 min read
ফের আইনি জটিলতায় রাখি সাওয়ন্ত। ২০১০ সালের একটি পুরোনো মামলায় উত্তরপ্রদেশের ঝাঁসি আদালত রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রসঙ্গত, ঝাঁসির প্রেম নগরের বাসিন্দা লক্ষ্মণ তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে একটি জনপ্রিয় টেলিভিশন শো ‘রাখি কা ইনসাফ’-এ অংশ নিয়েছিলেন। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
অভিযোগ, সেই অনুষ্ঠানে রাখি সঞ্চালক হিসেবে বেশ কিছু অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন লক্ষ্মণকে। যার ফলে মানসিক অবসাদে ভুগেছিলেন তিনি। সামাজিক হেনস্থারও শিকার হন তিনি। ২০১০ সালের নভেম্বর মাসেই মৃত্যু হয় লক্ষ্মণের। ছেলের মৃত্যুর পরে তাঁর মা সাবিত্রী প্রেম নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি উল্লেখ করেছিলেন, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত শোটির একটি পর্বে রাখি সাওয়ন্ত তাঁর ছেলের বিরুদ্ধে অপমানজনক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন।
এই ঘটনার পরে রাখি-সহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃত ভাবে অপমান করার ধারায় মামলা রুজু হয়েছে। এর পরেই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মামলার পরবর্তী প্রক্রিয়ার জন্য রাখিকে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। বার বার নোটিশ সত্ত্বেও রাখি আদালতে হাজিরা দেননি। যার ফলে শনিবার বিচারক তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।