মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলীতে বাঁকখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ঘিলাতলী গ্রামের মো. ওসমানের ছেলে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে জোহরের নামাজের পর ঘিলাতলী পয়েন্টে বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গৃহিণী জাহেদা বেগম ও স্বজন মোহাম্মদ জাবেদ জানান, রোববার স্থানীয় মসজিদে বাবার সঙ্গে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরে আবু বক্কর। পরে গরম অনুভব করায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গভীর পানিতে তলিয়ে যায়।
এতে সে নিখোঁজ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় অর্ধশতাধিক যুবক ও লোকজন নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে কয়েক শ গজ দূরে তার সন্ধান পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গণি ও বিএনপি নেতা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোর আবু বক্করের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
The post কচ্ছপিয়ায় বাঁকখালী নদীতে গোসলে নেমে নিখোঁজের পর মরদেহ উদ্ধার appeared first on sokalerkhobor24.com.
