Published on
:
2 min read
মাজারের দানবাক্সে সমাজের উন্নয়নের জন্য দান করেন অনেকেই। সেই সঙ্গে নিজের এবং পরিবারের উন্নতির প্রার্থনাও করেন তাঁরা। তবে, এর ব্যতিক্রম দেখা গেল বাংলাদেশের সিলেটে। সেখানে নিজের এবং নিজের পরিবারের জন্য কোনও প্রার্থনা করেননি এক যুবক। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা প্রার্থনা করেছেন। এই কামনা করে তিনি চিঠিও দিয়েছেন মাজারের দানবক্সে।
চলতি বছরের ডিসেম্বর মাসেই নিজের দেশে ফিরতে চাইছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা এবং মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তবে সেই আশঙ্কার কথা মাথায় না রেখে দেশের মানুষের জন্য ফিরতে চাইছেন বলে জানিয়েছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা।
আওয়ামি লিগের রাজনৈতিক কাজ পুরোপুরি বন্ধ করতে চেষ্টা করছে বিএনপি বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে ‘শেখ হাসিনা আবার বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে ফিরে আসবেন’ বলে মনে করছেন ছাত্রলিগের এক নেতা। এই প্রার্থনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন হাবিবুর রহমান রাজু নামে এক নেতা। ওই চিঠিতেই শেখ হাসিনার সুস্থতাও কামনা করেছেন তিনি।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার সকালে খোলা হয়েছিল সিলেটের ওই মাজারের দানবাক্স। ওই দানবাক্সে পাওয়া অর্থ গণনার সময়েই পাওয়া যায় একটি ‘চিঠি’। তাতেই শেখ হাসিনার সুস্থতা কামনা করা হয়েছে। ওই চিঠির লেখক হিসেবে নাম আছে নোয়াখালির সুবর্ণচর উপজেলা ছাত্রলিগের নেতা হাবিবুর রহমান রাজুর।
জানা গিয়েছে, ওই চিঠি লেখা হয়েছিল ২৮ সেপ্টেম্বর। সেই দিন ছিল শেখ হাসিনার ৮০তম জন্মদিন। তাতেই আওয়ামি লিগ নেত্রীর দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য ‘দোয়া’ চাওয়া হয়েছে।
ওই চিঠিতেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয় হোক দেশরত্ন শেখ হাসিনার’ কথাও লেখা হয়েছে।
ওই চিঠিতেই শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের কথাও বলা হয়েছে । তবে সেই প্রার্থনা কোথায় করা হয় তার উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালে জুলাই মাসে গণ অভ্যুত্থানের পরেই ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই বছরের অগস্ট মাস থেকেই ভারতে আছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সময়ে গণহত্যার মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।
অন্য দিকে, শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক স্কুল পড়ুয়াকে। গত ১ অক্টোবর পাবনার সুজানগরের আমিনপুর থানার রানিনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেপ্তার করা হয় রবিন নামে ওই পড়ুয়াকে।
