খুলনা গেজেট অক্টোবর ২৪, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের তরুণ প্রতিভা কাভান সুলিভানকে ঘিরে ইউরোপিয়ান ফুটবলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে আগে থেকেই প্রাক-চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারের ওপর কড়া নজর রাখছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সিটি আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সুযোগ তৈরি করতে চায় কাতালান ক্লাবটি।
স্প্যানিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ তুর্কি তার ১৮ বছর বয়স পূর্ণ হলেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন—এমন একটি প্রাক-চুক্তি সম্পন্ন করে রেখেছেন। এর সুবাদে এতদিন প্রিমিয়ার লিগের ক্লাবটিই তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল।
তবে পুরো পরিস্থিতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মাবলি লঙ্ঘনের ১১৫টি অভিযোগের বিচারাধীন মামলা। যদিও সিটির ওপর এখনো কোনো চূড়ান্ত শাস্তি নির্ধারিত হয়নি এবং অবনমনের মতো আশঙ্কাগুলোও কেবল তাত্ত্বিক পর্যায়ে রয়েছে, তবুও এই দীর্ঘমেয়াদি আইনি জটিলতা ক্লাবটির ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
সুলিভানের প্রতিনিধিরাও পরিস্থিতি যে পরিবর্তনশীল, তা আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। কয়েক সপ্তাহ আগে তার এজেন্ট বলেছিলেন, কখন কী ঘটে তা বলা কঠিন, তবে আমরা আশা করি তারা বিষয়টির একটি সঠিক সমাধান খুঁজে পাবে। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে এখনই তারা ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বাতিল করছেন না, তবে একটি অনিশ্চয়তার দুয়ার কিন্তু খোলাই রয়ে গেছে। সিটির আইনি মামলার গতিপ্রকৃতি এবং চুক্তির শর্তাবলির ওপরই মূলত নির্ভর করছে এই তরুণ তারকার পরবর্তী গন্তব্য।
বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং তার স্কাউটিং দল বিশ্বজুড়ে তরুণ প্রতিভা অন্বেষণ এবং দীর্ঘমেয়াদে স্কোয়াড শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবেই পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এর আগে রিয়াল মাদ্রিদ, চেলসি, লিভারপুল ও পিএসজির মতো জায়ান্ট ক্লাবগুলোও সুলিভানের প্রতি তীব্র আগ্রহ প্রকাশ করেছিল। এখন দেখার বিষয়, ম্যান সিটির বিরুদ্ধে ঝুলে থাকা আইনি জটিলতার সুযোগ নিয়ে বার্সেলোনা শেষ পর্যন্ত আমেরিকান এই বিস্ময় বালককে ক্যাম্প ন্যুতে টানতে সফল হয় কি না।
খুলনা গেজেট/এনএম
