প্রশাসনের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে রাঙামাটির সাজেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি বলেছে, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাজেকের বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়া সশস্ত্র ব্যক্তিদের সরিয়ে নেওয়ার দাবিতে এ অবরোধ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক সড়কে অবরোধ শুরুর পর প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আবারও অবরোধের সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।
বিবৃতিতে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা স্বাক্ষর করেন।
এদিকে আজ খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে দেশের অন্যতম আকর্ষণীয় পাহাড়ি পর্যটনকেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালি খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশাসনকে।
The post সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
