ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মন্দিরগামী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের ধাক্কায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছিননোর দিক থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে চলে যায়। এ সময় পথচারী ও দোকানের ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
নবরাত্রি উপলক্ষে সড়কে ব্যারিকেড ও পুলিশের চেকপোস্ট থাকার পরও ট্রাকটি কীভাবে সেখানে প্রবেশ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা জানতে পরিবহন দপ্তরের একটি দলও কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি অতিরিক্ত মালবোঝাই ছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লোকজন ও দোকানের ওপর উঠে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
