জমিসংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের চতুর্থ অতিরিক্ত বিচারক ফারজানা আহমেদ এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল সাত্তার বেপারী, তার দুই ছেলে আলমগীর হোসেন আলম বেপারী ও রনি বেপারী এবং অপর আসামি আশিকুর রহমান আশিক। রায় ঘোষণার সময় আব্দুল সাত্তার বেপারী আদালতে উপস্থিত ছিলেন। অন্য তিন আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ত্রিশালের কানিহারী ইউনিয়নের বাঘাদাড়িয়া গ্রামের নিহত সোহেলদের সঙ্গে আব্দুল সাত্তার বেপারীদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১১ সালের ২৮ মে গ্রামের বাড়িতে ধান নিয়ে ফেরার পথে আসামিদের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সোহেলের ওপর হামলা চালায় তারা। এরপর স্থানীয়রা সোহেলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়; পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩০ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল সালাম বেপারী ২০১১ সালের ২ জুন ত্রিশাল থানায় ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।