হাওর বার্তা ডেস্ক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে টাঙ্গাইলের নাগরপুরে খাদ্য গুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় দায়িত্ব হারিয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আব্দুল আওয়াল বুলবুল। এ ঘটনায় সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর আব্দুল আওয়াল বুলবুল টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সফরকে কেন্দ্র করে ৮ অক্টোবর মো. রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়।
ওই নোটিশে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত এপিএসের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে পুনরায় বাসায় ফেরার কর্মসূচি উল্লেখ করা হয়। সফরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশের অনুলিপি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়। পাশাপাশি জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালকের কাছেও অনুলিপি পাঠানো হয়। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
বিষয়টি জানার পর মন্ত্রীর পদক্ষেপ
মন্ত্রণালয় সূত্রের দাবি, এপিএসের ওই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা আগে থেকে কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সূত্র জানায়, সফরের পরদিন আব্দুল আওয়াল বুলবুলকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন মন্ত্রী। পরে তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অন্যদিকে, সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি।
সরকারি সফরসূচি প্রণয়ন ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথাযথ সমন্বয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতির বিষয়টি এ ঘটনায় আলোচনায় এসেছে।
