যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে তাঁর দল রিপাবলিকান পার্টিকে ভোটাররা শাস্তি দিতে পারেন বলে ইঙ্গিত মিলেছে রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে।
সোমবার শেষ হওয়া চার দিনের জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব পালনে সন্তুষ্ট মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। দুই সপ্তাহ আগের জরিপের তুলনায় এ হার ১ শতাংশ কমেছে। তাঁর দুই মেয়াদের কোনো সময়েই জনসমর্থন এতটা নিচে নামেনি।
কংগ্রেস নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্রেটিক পার্টি এবং ৩৫ শতাংশ রিপাবলিকান পার্টিকে বেছে নিয়েছেন। দুই দলের মধ্যে ব্যবধান ১২ শতাংশ, যা চলতি নির্বাচনি চক্রে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় ব্যবধান। দুই সপ্তাহ আগের জরিপে রিপাবলিকানদের চেয়ে ৭ শতাংশ এগিয়ে ছিল দলটি।
নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন বেশি। জরিপে ৫০ শতাংশ নারী ডেমোক্র্যাটদের এবং ৩২ শতাংশ রিপাবলিকানদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, তবে দুই দলের মধ্যে ব্যবধান তুলনামূলক কম।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার নির্দেশ দেওয়ার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে, যা পরিবারগুলোর ব্যয়ে বাড়তি চাপ সৃষ্টি করেছে।
অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়েও অসন্তোষ বেড়েছে। জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, অর্থনীতি সামলানোর ক্ষেত্রে তাঁরা ট্রাম্পের ওপর সন্তুষ্ট নন। অসন্তুষ্টদের মধ্যে স্বঘোষিত রিপাবলিকানও রয়েছেন ৩৭ শতাংশ। অর্থনীতি পরিচালনায় কোন দলকে বেশি আস্থার যোগ্য মনে করেন, এমন প্রশ্নে ৪০ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৩ শতাংশ রিপাবলিকানদের বেছে নিয়েছেন।
কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য বাকি মেয়াদে নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। তবে জাতীয় পর্যায়ের এই জরিপের ফল দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। প্রতিনিধি পরিষদ ও সিনেটের ফল নির্ধারিত হয় অঙ্গরাজ্য ও নির্বাচনি এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। এসব ক্ষেত্রে রিপাবলিকানদের কিছু কাঠামোগত সুবিধা রয়েছে।
অনলাইনে পরিচালিত এ জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন। সব উত্তরদাতার ক্ষেত্রে জরিপের ভুলের সম্ভাব্য সীমা ২ শতাংশ এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে তা ৩ শতাংশ।
এমএমটি
-20261020055833.jpg&w=1440&q=75)