পর্তুগালে আবাসন সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার রাজধানী লিসবনের অন্যতম প্রধান সড়কে প্রতিবাদ মিছিলের পর, সেখানে ১০০টিরও বেশি তাঁবু খাটিয়েছিলেন বিক্ষোভকারীরা ।
পরে শনিবার গভীর ভোরে তাঁবুগুলো উচ্ছেদ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
বিজ্ঞাপন
ইউরোপের অন্যতম তীব্র আবাসন সংকটে ভুগছে পর্তুগাল। ২০১৭ সালের পর দেশটিতে বাড়ির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। নতুন চুক্তিতে বাড়িভাড়াও প্রায় দ্বিগুণ হয়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন তরুণরা।
শনিবার হাজারো মানুষের বিক্ষোভ মিছিলের পর লিসবনের রোসিও স্কয়ারে শতাধিক তাঁবু স্থাপন করেন আন্দোলনকারীরা। শনিবার রাত ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁবু সরিয়ে দেয় পুলিশ। এর আগে মঙ্গলবারও একই স্থানে একটি শিবির উচ্ছেদ করা হয়েছিল।
ব্যাংক অব পর্তুগালের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় তিন লাখ বাড়ির ঘাটতি রয়েছে। আবাসন আইন সংশোধনের প্রস্তাব বাতিল, উচ্ছেদ সহজ করার উদ্যোগ বন্ধ এবং নতুন ভাড়ার চুক্তিতে ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।
আবাসন সংকটের প্রতিবাদে বেলজিয়াম, ফ্রান্স, ইতালি ও স্পেনেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।
সূত্র: রয়টার্স
আরএ
