যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে কিছু ব্যক্তি কদর্য ও অশালীন ভাষায় হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়।
ড. ইউনূসকে হেনস্তায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে
বিবৃতিতে ডা. তাহের বলেন, বিশ্ববাসীর কাছে সম্মানীয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার মাধ্যমে বাংলাদেশের সব নাগরিক এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বদরবারে অপমানিত ও খাটো করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে সম্মানিত বাংলাদেশি ব্যক্তিদের সঙ্গে এ ধরনের নিন্দনীয় আচরণ করা কারও জন্যই সমীচীন নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
বিবৃতিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অভিযোগ করেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ধরনের কর্মকাণ্ড বিদেশে অবস্থানরত প্রবাসী এবং সফররত দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও দাবি করেন তিনি।
ডা. তাহের বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।
একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
The post ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানাল জামায়াত appeared first on SATV.
