ময়মনসিংহের গৌরীপুরে পূজামণ্ডপ থেকে প্রতিমা ঘাটে নেওয়ার সময় সঞ্জীব চৌহান (৪২) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। তিনি পূজামণ্ডপ কমিটির সদস্য।
বুধবার (২১ অক্টোবর) রাতে গৌরীপুর পৌর শহরের মাষ্টারপাড়া মহল্লার ঝলক পূজামণ্ডপে এই ঘটনা ঘটে। নিহত সঞ্জীব চৌহান মহল্লার শ্যমলাল চৌহানের ছেলে।
স্থানীয় ও পূজামণ্ডপ সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ‘ঝলক মাস্টারপাড়া’ পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। বুধবার রাতে বিসর্জনের জন্য পূজামণ্ডপ থেকে প্রতিমা ট্রাকে তুলে পাশ্ববর্তী রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন অনন্ত সাগর পুকুর ঘাটে নেওয়ার প্রস্ততি চলছিল। ট্রাকটি মণ্ডপ থেকে বের হওয়ার সময় রাস্তার ওপর একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। সঞ্জীব চৌহান হাত দিয়ে ওই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের স্ত্রী শীলা চৌহান বলেন, ঘর থেকে বের হওয়ার সময় স্বামী বললো দেবী বিসর্জনে যাবা না। আমি বললাম যাবো। এটাই ছিল তার সঙ্গে শেষ কথা। এরপর রাতে স্বামীর বিদ্যুৎস্পর্শের খবর পাই। আমার দুইটা সন্তান বাবা হারা হয়ে গেলো।
ঝলক মাষ্টাপাড়া পূজা কমিটির সভাপতি অজিত চৌহান বলেন, সঞ্জীব আমাদের ঝলক মাষ্টারপাড়া পূজা কমিটির সদস্য। রাতে মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নেওয়ার সময় রাস্তার ওপর ঝুলে থাকা তার সরাতে গিয়ে তিনি বিদ্যুস্পৃষ্ট হন। পূজামণ্ডপের আলোকসজ্জা ও বিদ্যুতের কাজের দায়িত্বে থাকা লোকজনকে দায়ী করে তিনি আরও বলেন, মণ্ডপের বিদ্যুতের তার লিকেজ হওয়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা যদি তারের লিকেজ চেক করতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পূজামণ্ডপে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
