‘হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ’—এমন মন্তব্য করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেফতার ও মাদক উদ্ধারের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শফিকুর রহমান।
পোস্টে তিনি বলেন, দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যাও রয়েছে। এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষাংশে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি লেখেন, হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।