গাড়ি লক্ষ্য করে কারা গুলি করলো, মুখ খুললেন আসিফ
আসিফ বললেন ‘চিন্তার কোনো কারণ নাই, আমি একদম ঠিকঠাক আছি’
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মুখ খুলেছেন এই সংগীতশিল্পী।
তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি নিজের কার্যালয়ে ছিলেন। তার ধারণা, যারা গুলি করেছে, তারা জানত তিনি কখন অফিসে আসেন এবং কখন বাসায় ফেরেন। তবে ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় গুলির লক্ষ্যবস্তু মিস হয়েছে বলে মনে করছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এ বিষয়ে আসিফ বলেন, ‘চিন্তার কোনো কারণ নাই, আমি একদম ঠিকঠাক আছি। সকালবেলা পুলিশের সঙ্গে যাবতীয় কাজ শেষে বাসায় এসে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’
ঘটনার সময় নিজের অবস্থান জানিয়ে আসিফ বলেন, ‘যখন ঘটনাটা ঘটে, আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সেসময় আমার গাড়িতে কেউই ছিল না।’
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান আসিফ। তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।’
নিজের দৈনন্দিন রুটিনের কথা জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরও কিছুক্ষণ ছিলাম।’
ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছেন বলেও জানান আসিফ। তার ভাষ্য, ‘আমি তখন সিসিটিভি ক্যামেরাতে দেখছিলাম, ওই সময় ঠিক আমার মতো একজন হেঁটে যাচ্ছিল। তারা হয়তো আমি ভেবে গুলিটা করে দিয়েছে।’
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এক অজ্ঞাত ব্যক্তি বিশাল সেন্টারের নিচে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
কে বা কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
এদিকে আসিফের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেকে। চিত্রনায়ক ওমর সানী ঘটনাটিকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করে আসিফের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
