রংপুরের পীরগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার চতরা ইউনিয়নের চকভেকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে জব্দ করা বালু বিলি-বণ্টনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানে পীরগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
সংশ্লিষ্টরা জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং নদীর পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
