কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদার টাকা পুরোপুরি না পেয়ে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার জগমোহনপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এই অভিযোগ করেন।
বিজ্ঞাপন
তিনি স্থানীয় মিয়া বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী। অভিযুক্ত আবদুল কুদ্দুস উজিরপুর ইউনিয়ন জগমোহনপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি স্থানী বিএনপির কর্মী।
সংবাদ সম্মেলনে ফারুক হোসেন জানান, চাচাতো ভাইদের অত্যাচারে পৈতৃক বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। সম্প্রতি নিজের জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি কাটা ও ভরাটের কাজ শুরু করেন। এ সময় আবদুল কুদ্দুসের নেতৃত্বে একদল লোক এসে প্রকাশ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে তিনি তাদের ৭ লাখ টাকা দেন।
বিজ্ঞাপন
ফারুকের অভিযোগ, বাকি ৩ লাখ টাকা না দেওয়ায় অভিযুক্তরা তার বাড়িতে এসে হামলা চালান। এতে চার থেকে পাঁচজন শ্রমিক আহত হন। ভাঙচুর করা হয় মাটি কাটার ভেকু ও নির্মাণকাজের সরঞ্জাম।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আবদুল কুদ্দুসের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ফারুক।
অভিযোগের বিষয়ে জানতে আবদুল কুদ্দুসকে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন তারা। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
