আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা ও সনদ পেয়েছেন কক্সবাজারের পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শওকত আরা শেফু।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ও সনদ গ্রহণ করেন তিনি।
উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্বপ্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শওকত আরা শেফুকে এই সম্মাননা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, সচেতনতামূলক প্রচার চালানো ও জরুরি ত্রাণ সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন শওকত আরা শেফু। ঝুঁকি মোকাবিলায় বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয় পর্যায়ে তিনি প্রশংসিত হয়েছেন।
সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শওকত আরা শেফু বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র পেকুয়াবাসীর। উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ানো আমার সামাজিক ও মানবিক দায়িত্ব। রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এ স্বীকৃতি ভবিষ্যতে মানবসেবায় আমাকে আরও অনুপ্রাণিত করবে।
এদিকে, সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় সম্মাননা লাভ করায় পেকুয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা এই অর্জনকে পেকুয়া উপজেলার জন্য গৌরবের বলে উল্লেখ করেন।
The post শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা পেলেন পেকুয়া মহিলা দলের নেত্রী শওকত আরা appeared first on Dhaka Protidin.
