কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে ‘ইসলামী মাহাজ’ নামে একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের প্রধান মোহাম্মদ রফিককে (৪০) আটক করেছে ৮ আর্মড পুলিশ (এপিবিএন)।
এই তথ্য নিশ্চিত করেন,৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রফিক তার দলের সদস্যদের নিয়ে আশ্রয়শিবিরের সি/৫ ব্লকে গোপন বৈঠক করছিলেন।
এ তথ্যের ভিত্তিতে, ২৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি/৫ ব্লকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকসহ কয়েকজন পালানোর চেষ্টাকালে পুলিশ রফিককে আটক করে। আটক মোহাম্মদ রফিক ওই আশ্রয়শিবিরের বাসিন্দা। তার বাবার নাম আইয়ুব।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রফিক নিজেকে ‘ইসলামী মাহাজ’ সংগঠনের প্রধান বলে পরিচয় দিয়েছেন। তার দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে সংগঠনটির আনুমানিক ৩০০ সদস্য এবং মিয়ানমারে ৪০০ সদস্য রয়েছে। এ ছাড়া সংগঠনটির সদস্যদের হেফাজতে ৯০ টি আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানান তিনি।
অস্ত্রগুলো মিয়ানমারের বিভিন্ন এলাকায় রয়েছে, তবে বাংলাদেশের সদস্যদের কাছে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়ে তিনি অসংগতিপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৮ এপিবিএনের দাবি, রফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক কেনা-বেচা, ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণ করে গুম করার অভিযোগ রয়েছে।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি নিজেদের শক্তিশালী করার পাশাপাশি আশ্রয়শিবিরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি তৈরি করতে পারে বলে মনে করছে পুলিশ।
এ ঘটনায় রফিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে উখিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।
তার দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
