মাগুরার শ্রীপুরে অসুস্থ হয়ে পড়ার পর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন তারা। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মদপানের কারণেই দুই যুবকের মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
মারা যাওয়ারা হলেন- শ্রীপুর উপজেলার মকরদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।
স্বজনরা জানান, বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। এর কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।
মারা যাওয়া আলমগীর লস্করের বাবা আজম লস্কর জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন আলমগীর। এ সময় তার বন্ধুরা তাকে বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিধান বিশ্বাসের চাচি সুপ্রিয়া সাহা জানান, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, “দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলী মিয়া বলেন, “অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।”
