নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বসতবাড়ির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় ডাবল-ব্লেড টমাহক বা চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স নামে আরেকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
