ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। পরে ওই বিমানে থাকা নারী রোগী অঞ্জনা ভৌমিককে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটিতে দুই পাইলটসহ মোট সাতজন ছিলেন। বিমানটির মডেল সি৯০এ এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ।
এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন কালবেলাকে এ তথ্য জানান।
জানা গেছে, আগরতলার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্সটি। পরে দুপুর দেড়টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এটি।
