দক্ষিণ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাটা) ২০২৬-এ ‘লিডিং লাক্সারি হোটেল/রিসোর্ট’ বিভাগে পুরস্কার পেয়েছে কক্সবাজারের ইনানীতে অবস্থিত বে-ওয়াচ বিচ হোটেল অ্যান্ড স্পা।
গত ৮ অক্টোবর মালদ্বীপের বার্সেলো নাসানধুরা মালেতে আয়োজিত অনুষ্ঠানে হোটেলটিকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় বে-ওয়াচ বিচ হোটেল অ্যান্ড স্পার ক্লাস্টার ম্যানেজার—অপারেশনস অ্যান্ড সেলস মো. নিজাম উদ্দিন আল সুমন বলেন, আন্তর্জাতিক এই স্বীকৃতি আমাদের কাছে শুধু একটি পুরস্কার নয়; বরং পুরো টিমের নিষ্ঠা, অতিথি ও অংশীদারদের আস্থা এবং দক্ষিণ এশিয়ার পর্যটন মানচিত্রে বাংলাদেশকে আরও দৃশ্যমান করে তোলার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিলাসবহুল আতিথেয়তার সক্ষমতা তুলে ধরার পাশাপাশি পর্যটন বিনিয়োগ, কর্মসংস্থান এবং নতুন পর্যটন গন্তব্যের বিকাশে ভূমিকা রাখাই আমাদের অন্যতম লক্ষ্য। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দিকনির্দেশনা, কর্মীদের আন্তরিকতা এবং অতিথি ও অংশীদারদের আস্থার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এই হোটেলটি এর আগে ২০২৫ সালে সাটার ‘সাউথ এশিয়াস বেস্ট নিউ হোটেল/রিসোর্ট’ এবং ‘সাউথ এশিয়াস লিডিং বিচ হোটেল/রিসোর্ট’ বিভাগেও পুরস্কার পেয়েছিল।
