নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় মার্কিন রাষ্ট্রদূত তাঁর সফরসঙ্গীদের নিয়ে পানাম নগরীতে পৌঁছান এবং এর শতবর্ষী ঐতিহাসিক ভবন ও স্থাপনাগুলো ঘুরে দেখেন। পরবর্তীতে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত কারুপল্লীর ঐতিহ্যবাহী জামদানি পল্লী পরিদর্শন করেন এবং কারিগরদের কাজ প্রত্যক্ষ করেন।

মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী প্রতিনিধিদলে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মুখপাত্র পূর্ণিমা রায়, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী ও ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।
পরিদর্শনকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
