দেশের স্কুল শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ‘বিল্ডিং বেটার সিটিজেনস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ শিক্ষা উদ্যোগ চালুর জন্য সিমেক ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি. ।
সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সিমেক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফোয়ারা ইয়াসমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- Advertisement -
১২ মাস মেয়াদি এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের আটটি বিভাগের ৬৪টি বিদ্যালয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে। উদ্যোগটির আওতায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পিত ও অংশগ্রহণমূলক শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে- পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ); জলবায়ু ও পরিবেশ সচেতনতা এবং নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা।
শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, দায়িত্বশীল আচরণ ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে তাদের সচেতন করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতে দায়িত্বশীল, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীরা উৎসাহিত হবে।
এ অংশীদারিত্ব সম্পর্কে প্রাইম ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “প্রাইম ব্যাংক বিশ্বাস করে, প্রকৃত জাতি গঠনের ভিত্তি রচিত হয় নতুন প্রজন্মের জ্ঞান ও মূল্যবোধ বিকাশে বিনিয়োগের মাধ্যমে। সিমেক ফাউন্ডেশনের সঙ্গে ‘বিল্ডিং বেটার সিটিজেনস ইন বাংলাদেশ’ উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। দেশের আটটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি, জলবায়ু সচেতনতা ও নৈতিক শিক্ষা প্রসারে অবদান রাখার সুযোগ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ অংশীদারিত্ব তরুণ প্রজন্মের ক্ষমতায়ন, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং ভবিষ্যতের জন্য টেকসই ও সহনশীল সমাজ গঠনে আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”
