Published on
:
2 min read
পুজোর ক’দিন মাটন-ইলিশের মধ্যেই ছিলেন। যে সব খাবারে ক্যালোরি বেশি, সেগুলোই খেয়েছেন বেশি করে। বিজয়ার মিষ্টি এখনও খেয়ে চলেছেন। শরীরে যে হাই কোলেস্টেরল রয়েছে, তা অনেকে ভুলেই গিয়েছেন। কিন্তু এই কয়েক দিনের নিয়মে যে কোলেস্টেরলের মাত্রা আরও বেড়ে যেতে পারে, তা কি জানেন?
রক্তে খারাপ কোলেস্টেরলের বৃদ্ধির পিছনে দায়ী অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তাই কোলেস্টেরল কমাতে হলে শুধু ওষুধ খাওয়া যথেষ্ট নয়। ডায়েটও নজর দিতে হয়। পুজোর ভূরিভোজের পরে যখন কোলেস্টেরল বেড়েছে, তখন খাওয়াদাওয়ায় বদল আনতেই হবে। শাকসব্জি, ফল বেশি খাওয়ার পাশাপাশি ওটস খেতে পারেন। কোলেস্টেরলের মাত্রা চটজলদি কমাতে এই দানাশস্য দুর্দান্ত কাজ করে।
সম্প্রতি ‘নেচার কমিউনিকেশন’ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছে, ওটস-বেসড ডায়েট মাত্র দু’দিনে প্রায় ১০ শতাংশ পর্যন্ত এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে। মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত ৩২ জন ব্যক্তির উপর করা গবেষণায় এমনটাই জানা গিয়েছে। গবেষণায় ৩০০ গ্রাম ওটস খেতে দেওয়া হয় রোগীদের। তার সঙ্গে ফল ও সব্জিও ছিল। দু’দিন পরে দেখা গিয়েছে, প্রত্যেকের কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্য ভাবে কমেছে।
ওটসে বিটা-গ্লুকান নামে এক ধরনের দ্রবণীয় ফাইবার রয়েছে। এটা অন্ত্রে কোলেস্টেরল শোষণ ও বিপাকের প্রক্রিয়ায় প্রভাব ফেলে। অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়া ওটসের কিছু উপাদান ভেঙে ফেরুলিক অ্যাসিড এবং ডাইহাইড্রোফেরুলিক অ্যাসিডের মতো যৌগ তৈরি করে। এই যৌগগুলি লিভারে কোলেস্টেরল বিপাকে সাহায্য করতে পারে। ফলে রক্তে এলডিএল-এর মাত্রা কমে যায়। সুতরাং, কোলেস্টেরলের মাত্রা কমাতে ডায়েটে ওটস রাখতে পারেন।
তবে শুধু যে ওটস খেলেই কোলেস্টেরল কমে যাবে, এমনটা নয়। গবেষণাতেও ওটসের সঙ্গে শাকসব্জি ও ফল দেওয়া হয়েছিল আক্রান্তদের। আসলে যে সব খাবারে ফাইবারের পরিমাণ বেশি, সেগুলো কোলেস্টেরলের রোগীদের জন্য উপযোগী। তা ছাড়া একাধিক রোগের ঝুঁকি কমে যায় ফাইবার সমৃদ্ধ খাবার খেলে। তাই পুজোর পরে কোলেস্টেরল বা সুগার নিয়ন্ত্রণে রাখতে হলে এই ধরনের খাবার রাখতে পারেন।
FAQ
১. ওটস কি কোলেস্টেরল কমাতে সাহায্য করে?
উত্তর: হ্যাঁ, ওটসে থাকা বিটা-গ্লুকান নামের দ্রবণীয় ফাইবার এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে।
২. ওটস খেলে কত দিনে কোলেস্টেরল কমতে পারে?
উত্তর: প্রতিবেদনে উল্লেখিত একটি গবেষণায় দু’দিনে প্রায় ১০% হ্রাস দেখা গিয়েছিল। তবে এই ফল সবার ক্ষেত্রে একই হবে না।
৩. ওটসে কোন উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে?
উত্তর: বিটা-গ্লুকান নামের দ্রবণীয় ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. কোলেস্টেরল নিয়ন্ত্রণে ওটসের সঙ্গে আর কী খাবেন?
উত্তর: ফল, শাকসব্জি ও অন্যান্য ফাইবারসমৃদ্ধ খাবার খেতে পারেন।
৫. শুধু ওটস খেলেই কি কোলেস্টেরল কমবে?
উত্তর: না। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চালিয়ে যাওয়া জরুরি।
