নরসিংদী সদর উপজেলার মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বিকালে কারখানাটির বয়লারে আগুন লাগলে খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে কারখানার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, বয়লারের স্ফুলিঙ্গ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
