ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তাইজ দখলের কাছাকাছি পৌঁছেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত কয়েক সপ্তাহে মোখা, তাইজের পশ্চিমাঞ্চল, বাব এল মান্দেব প্রণালির উপকূলীয় কিছু এলাকা এবং ধুবাব জেলা দখলের পর শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানী সানা থেকে আলজাজিরার সাংবাদিক ইউসুফি মাওরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইয়েমেনের সরকারি বাহিনী দখল হয়ে যাওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে পাল্টা হামলা শুরু করেছে। তবে এর মধ্যেও হুথি যোদ্ধারা তাইজ শহর দখলের অভিযান এগিয়ে নিচ্ছে।
তাইজকে ঘিরে ফেলা এবং জাবাল সাবির পাহাড়ের আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হুথিদের কৌশলগত লক্ষ্য। এ অঞ্চল ঘিরে বর্তমানে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই চলছে।
হুথিদের পাহাড়ি অঞ্চলটি দখল ঠেকাতে সৌদি আরব সেখানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা সর্বশক্তি প্রয়োগ করে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
তাইজ শহরের দক্ষিণাঞ্চলে বর্তমানে হুথি ও ইয়েমেনি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। সাংবাদিক ইউসুফি মাওরে বলেন, ইয়েমেনের সরকারি বাহিনীর জন্য সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে তাইজ শহরের মূল অংশের নিয়ন্ত্রণ হারানো।
তাইজ নিয়ে যখন সংঘাত তীব্র হচ্ছে, তখন ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথিরা।
সূত্র: আলজাজিরা
