সংবাদ বিজ্ঞপ্তি:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম উত্তরণ মডেল কলেজ পরিদর্শন করেছেন। এ সময় তিনি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, লাইব্রেরিতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে কলেজ পরিদর্শন শেষে উত্তরণ সমিতি মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সার্বিক বিকাশে পাঠ্যপুস্তকনির্ভর পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতা অর্জন জরুরি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিধি বাড়াতে কলেজ লাইব্রেরিতে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে উত্তরণ মডেল কলেজের ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এ অঞ্চলে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তরণ মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি অ্যাডভোকেট তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেকশন অফিসার জাহাঙ্গীর আলম, উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্য মুহাম্মদ ছৈয়দ করিম ও রিদোয়ানুল হক এবং উত্তরণ মডেল কলেজের উপাধ্যক্ষ বীরেন্দ্র দেবনাথসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ফজলুল করিম চৌধুরী।
পরিদর্শনকালে কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন কলেজ পরিদর্শক। পরে মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে পরামর্শ দেন তিনি।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজায়নে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
