বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজধানী ঢাকারও বাতাসের মানে অবনতি ঘটেছে। বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শহরটির অবস্থান আজ সপ্তম। এয়ার কোয়ালিটি ইনডেস্কে (আইকিউএয়ার) ঢাকা শহরের বায়ুমান স্কোর ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ২৯৪। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া বায়ুমান স্কোর ২৩৫ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৭৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৭৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই এবং পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়ুমান স্কোর ১৭২।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
