প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার, নতুন সুযোগের সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সুসংহত হয়েছিল, বৈঠকে তা গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।
এসময় সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের শীর্ষ বৈঠকের প্রসঙ্গ উঠে আসে।
বিজ্ঞাপন
সেই আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে সে দেশে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ড্রাইভার ও ট্রাক ড্রাইভারের পেশায় কাজের সুযোগ তৈরি এবং দেশটিতে আরও বেশি দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার, এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কেএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
