মোহাম্মদ শহিদুল্লাহ, কক্সবাজার টেকনাফ বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পৃথক দুইটি অভিযানে মোট ৮০ হাজার পিস ইয়াবা ও একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানান, শুক্রবার (৬ আগস্ট) রাত ১২ টার দিকে টেকনাফের লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন ভোর ৫টার দিকে শাহপরী দ্বীপের নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত তীরে বোট রেখে পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড আরও জানান, জব্দকৃত ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
