মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় আড়াই কিলোমিটার সড়কের পাশে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়নের বৈঠাখালী থেকে থলওলমা সেতু হয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে এসব তালবীজ রোপণ করা হয়। নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের নিজস্ব অর্থায়ন এবং স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পরিচালিত হয়। তালবীজ সংগ্রহে সহযোগিতা করেন বৃক্ষপ্রেমীরা ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর, পিভিএম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা তালবীজগুলো থেকে চারা গজানো এবং পরবর্তী সময়ে গাছের বৃদ্ধি নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকি ও পরিচর্যা করা হবে।
তিনি তালবীজ সংগ্রহে সহযোগিতার জন্য নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালকে ধন্যবাদ জানান। পাশাপাশি বিশা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, সড়কের পাশে বিপুলসংখ্যক তালবীজ রোপণের উদ্যোগটি প্রশংসনীয়। তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হতে পারে। এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন উপস্থিত ছিলেন। তিনি রোপণ করা তালবীজগুলোর পরিচর্যা ও তদারকি নিশ্চিত করতে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত রাখার আশ্বাস দেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, তালবীজ রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এসব গাছ পরিবেশের উন্নয়ন এবং বজ্রপাতজনিত ঝুঁকি মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখতে পারে।
এ জাতীয় আরো খবর..
