Published on
:
1 min read
সঞ্চিতা মুখোপাধ্যায়
অত্যন্ত বিরল একটি অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হলো পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ১৪ অক্টোবর, জেনারেল সার্জারি বিভাগের ইউনিট-২ এর অধীনে এক মহিলার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি (পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার) সফল ভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ‘সাইটাস ইনভার্সাস টোটালিস’ (Situs Inversus Totalis) এবং পিত্তথলিতে পুঁজ জমা (Empyema Gallbladder)-র সমস্যায় আক্রান্ত ছিলেন ওই রোগী। অস্ত্রোপচারের পরে ওই রোগী সুস্থ রয়েছেন বলে চিকিৎসক সূত্রের খবর।
কেন জটিল ছিল এই অস্ত্রোপচার:
৫৫ বছর বয়সী ওই মহিলার আরও নানা শারীরিক সমস্যা ছিল। অনিয়ন্ত্রিত টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস, উচ্চ রক্তচাপ এবং ওবেসিটি-সহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। আরও একটি বিষয় রয়েছে। ওই রোগীর সিটাস ইনভার্সাস টোটালিস ছিল। এর অর্থ বুক ও পেটের মধ্যে থাকা অঙ্গপ্রত্যঙ্গগুলোর সম্পূর্ণ বিপরীতমুখী বা আয়নার প্রতিচ্ছবির মতো অবস্থান। চিকিৎসক সূত্রের খবর, রোগীর পিত্তথলিতে তীব্র প্রদাহ ছিল ও পুঁজ জমে ছিল। পিত্তথলির একটি অংশে ২ সেন্টিমিটার আকারের একটি বড় পাথরও ছিল। এর ফলে জটিল হয়ে পড়েছিল অস্ত্রোপচার। তিন ঘণ্টারও বেশি সময় ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার করেন শল্যচিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রের খবর, রোগী সুস্থ হয়ে উঠছেন এবং স্থিতিশীল আছেন। অস্ত্রোপচারের টিমে ছিলেন শল্যচিকিৎসক ডা. পবন মণ্ডল ও ডা. মনিরুল ইসলাম। মেডিক্যাল টেকনিশিয়ান হিসেবে ছিলেন প্রিয়ন্তন বেজ, এসকে সোহেল, মনিকা মাহালি, অঞ্জলি কর্মকার, মনিকা গরাই। অ্যানাস্থেশিয়া টিমে ছিলেন ডা. সোমা সান্যাল, ডা. শান্তনু হালদার, ডা. সুদীপ সাহা, ডা. সন্দেশ রাঠোর, ডা. সুশান্ত কুমার, ডা. অয়ন মুখোপাধ্যায়। ছিলেন নার্সিং স্টাফ এবং ওটি সাপোর্ট কর্মীরা।