বক্সিং রিংয়ের ‘রকি’ মানেই এক অবিস্মরণীয় ইতিহাসের নাম। যে ছবি পরিচালক-অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনকে রাতারাতি বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল, সেই কালজয়ী ‘রকি’ ছবির ফ্র্যাঞ্চাইজি এবার পা রাখল তার সুবর্ণজয়ন্তীতে। ছবি মুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলভেস্টার স্ট্যালোন ফের একবার তাঁর বহুচর্চিত 'রকি প্রিক্যুয়েল' সিরিজ তৈরির ইচ্ছের কথা জানিয়েছেন। 'এন্টারটেইনমেন্ট উইকলি'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রিক্যুয়েল সিরিজ নিয়ে তাঁর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন এই অ্যাকশন আইকন।
কেমন হবে রকির সেই শৈশব ও কৈশোরের গল্প? সাক্ষাৎকারে স্ট্যালোন জানিয়েছেন, ১৬ বছর বয়সি রকিকে কেন্দ্র করে এই প্রিক্যুয়েল তৈরির বিরাট সুযোগ রয়েছে। তরুণ রকির পাশাপাশি পর্দায় উঠে আসবে তার পরিবারের নানা অন্ধকার দিক।

স্ট্যালোনর ভাষায়, “আমি মনে করি ১৬ বছর বয়সি রকিকে নিয়ে একটি দুর্দান্ত প্রিক্যুয়েল তৈরি করা সম্ভব। যেখানে আপনি দেখা পাবেন রকির বাবা, তার সেই ভয়াবহ মা এবং তার সৎভাইকে। স্টুডিওর নির্দেশে মূল ছবি থেকে অনেক অংশ বাদ দিতে হয়েছিল বলে অনেকেই জানেন না যে গাজ্জো আসলে রকির সৎভাই ছিল এবং তারা একসঙ্গে বড় হয়েছিল। এছাড়া দেখা পাওয়া যাবে আদ্রিয়ানেরও। রকি, আদ্রিয়ান এবং পলিকে আগেই ১০ বছর ধরে চিনত, আর মিকির বয়স তখন ৩১ এবং সে জীবনে কোনও কূলকিনারা পাচ্ছিল না। ১৬-১৭ বছরের কিশোরদের জন্য তাদের প্রজন্মের এক দারুণ ছবি হয়ে উঠতে পারে এই গল্প।”
এর আগেও একাধিকবার রকির প্রিক্যুয়েল তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন স্ট্যালোন। কিন্তু মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজির স্বত্ব। প্রযোজক আরউইন উইঙ্কলার দীর্ঘকাল ধরে 'রকি' ফ্র্যাঞ্চাইজির অধিকার নিজের নিয়ন্ত্রণে রেখেছন। শোনা যায়, দু'জনের সম্পর্কের অবনতি হওয়ায় উইঙ্কলার এই প্রিক্যুয়েল প্রজেক্টটি খারিজ করে দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁদের বিরোধ মিটেছে কি না, সে বিষয়ে স্ট্যালোন কিছু পরিষ্কার না করলেও এ কথা স্পষ্ট যে, এই স্বপ্নের প্রিক্যুয়েলটি পর্দায় নিয়ে আসার জেদ এখনও তাঁর রয়েছে।
https://www.youtube.com/watch?v=vZCv49OXTLI&t=422s
চলতি বছর ‘রকি’ ফ্র্যাঞ্চাইজির সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে অ্যামাজন এবং এমজিএম স্টুডিওস নিয়ে আসছে নতুন ছবি ‘আই প্লে রকি’। ছবিটির পরিচালনা করেছেন ‘গ্রিন বুক’ খ্যাত পিটার ফ্যারেলি এবং চিত্রনাট্য লিখেছেন পিটার গ্যাম্বল।
১৯৭৬ সালের মূল ছবির নিউইয়র্ক প্রিমিয়ারের সুবর্ণজয়ন্তী উদযাপনে আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে সিলভেস্টার স্ট্যালোন চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ইপোলিতো এবং অ্যাপোলো ক্রিড চরিত্রে দেখা যাবে স্টিফান জেমস-কে। এছাড়া ট্রেসি লেটস, ম্যাট ডিলন এবং আনাসোফিয়া রবের মতো তারকারাও রয়েছেন এই প্রজেক্টে।
সব মিলিয়ে, ‘রকি’-র ৫০ বছর পূর্তি এবং সিলভেস্টার স্ট্যালোনর নতুন প্রিক্যুয়েলের ভাবনায় বুঁদ হয়ে রয়েছে গোটা হলিউড ও বিশ্বজোড়া সিনেপ্রেমীরা।
