রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে তার বাসায় হামলা চালান। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বাসার জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায় বলে জানা গেছে।
জি এম কাদের ও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জি এম কাদের জানান, সকালের নাশতা সেরে তিনি বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ বাসার বাইরে হইচই শুনতে পান। এ সময় তার নাম ধরে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। তার ধারণা, সেখানে এক থেকে দেড় শ লোক ছিলেন।
তিনি আরও জানান, এরপর লোকজন তার বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে বাসার জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে প্রবেশ করেননি। তিনি থানায় ফোন দিলে পুলিশ আসে। এর মধ্যে হামলাকারীরা চলে যান। পুলিশ এখনো বাসার সামনে অবস্থান করছে। হঠাৎ কেন এ হামলা হয়েছে, তা বুঝতে পারছেন না বলেও জানান তিনি।
জি এম কাদেরের বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। তবে বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে।’
