শিমুলিয়ায় সরকারি বেলতলী পুকুর পুনঃখননে অনিয়মের অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
কার্যাদেশের বাইরে মাটি বিক্রি, সরকারি পাকা সড়ক ভাঙচুর এবং এলাকাবাসীকে মিথ্যা মামলায় হয়রানি ও পুলিশের হুমকির অভিযোগ
শিমুলিয়া ইউনিয়নের সরকারি বেলতলী পুকুর পুনঃখননকে কেন্দ্র করে কার্যাদেশের বাইরে মাটি বিক্রি, গ্রামের একমাত্র সরকারি পাকা সড়ক ভেঙে ফেলা এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কবিরপুর গ্রামের সর্বস্তরের জনগণ।
কর্মসূচি থেকে মাটি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিজান ও সেলিম রেজাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি বেলতলী পুকুর পুনঃখননের নামে কার্যাদেশের বাইরে মাটি বিক্রি করা হয়েছে। পাশাপাশি গ্রামের একমাত্র সরকারি পাকা সড়কটি ভেঙে ফেলার কারণে জনসাধারণের চলাচলে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে এলাকাবাসী মিথ্যা মামলায় হয়রানি ও পুলিশের হুমকির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি বন্ধ করা, পুকুর পুনঃখননের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত সরকারি পাকা সড়ক সংস্কার করা এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সরকারি সম্পদ রক্ষা, পুকুর পুনঃখননের কাজের অনিয়ম তদন্ত এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পুলিশের বক্তব্য: এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
More News Of This Category


