আকাঙ্খা চৌধুরীছবি: Facebook
Published on
:
1 min read
আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ তথা মডেল আকাঙ্খা চৌধুরী। ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত প্রতিযোগী পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। চূড়ান্ত অব্যবস্থার পাশাপাশি তাঁর অভিযোগ, আয়োজকেরা তাঁর পারিশ্রমিক মেটাননি ও প্রচারের কাজে আকাঙ্খার ছবি ব্যবহার করা হয়েছে।
অভিনেত্রীর দাবি, তাঁর যোগাযোগ ছিল আয়োজক দলের মাত্র তিন জন সদস্যের সঙ্গে। যাঁদের প্রত্যেকের বয়স ১৮-র কাছাকাছি। তিনি অভিযোগ করেন, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে আনতেই আসেননি আয়োজকেরা। অথচ, ওই সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। আয়োজকেরা কোনও রকম ব্যবস্থাপনাই রাখেননি বলে আকাঙ্খার অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।
জোর করে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ আকাঙ্খার। সেই সময়ে সঙ্গে নিজের টিম না থাকায় নিরাপদ বোধ করছিলেন না শিল্পী। তিনি ভিতরে ঢুকতে পারবেন না বলে জানান। তাঁর কথায় গুরুত্ব না দিয়ে আয়োজকেরা হাসাহাসি করতে থাকেন।
তাঁকে একপ্রকার অপহরণ বলেই বর্ণনা করেন আকাঙ্খা। তাঁর অভিযোগ, বাধ্য হয়েই ওই ব্যক্তিদের চড় মারার পরে গাড়ি থামে। আকাঙ্খা বলেন, ‘ওরা কিছুতেই গাড়ি থামাচ্ছিল না। বাধ্য হয়ে চড় মারতে তবে গাড়ি থামায়। মামলা করব ওদের বিরুদ্ধে।’