মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুল ও কলম দিয়ে নবীনদের বরণ করে নেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কলেজটির হলরুমে এ নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কলেজের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজি নবীন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
তিনি বলেন, সফলতা কখনো মসৃণ পথে আসে না। সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের বিভিন্ন সুযোগ তৈরি হবে। কেউ চিকিৎসক বা প্রকৌশলী হবেন, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে শিক্ষকতা করবেন, আবার কেউ রাজনীতিতে যুক্ত হয়ে দেশ পরিচালনায় অংশ নেবেন। এসব ক্ষেত্রে সফল হতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে।
কলেজের অধ্যক্ষ হাসমাতুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বাসার মাতুব্বর, মাদারীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী-সাংবাদিক মনজুর হোসেন, জেলা কর্মজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন মাতুব্বর এবং কলেজের গভর্নিং বডির সদস্য এনায়েত হোসেন, আজমল হুদা, আলমাছ আক্তার ও আলী আহমদ খানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
