Asian Para Games
প্রবীণ-সচিনদের রেকর্ড, সিমরনের জোড়া সোনা, অ্যাথলেটিক্সে ভারতের দাপট
-
- 21 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনে পদকের বন্যায় ভাসল ভারত। অ্যাথলেটিক্স, সাঁতার, সাইক্লিং, শটপাট ও পাওয়ারলিফ্টিংয়ে একের পর এক সাফল্যে পদক তালিকায় আরও উপরে উঠে এল ভারতীয় দল। দিনের উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে রয়েছে প্রবীণ কুমারের গেমস রেকর্ড গড়ে সোনা জয়, শটপাটে ভারতের পডিয়াম দখল, সিমরন শর্মার দ্বিতীয় সোনা এবং ১০০ মিটার দৌড়ে দিলীপ মহাদু গাভিত ও মহম্মদ বাসিলের সোনা-রুপো জয়।
পুরুষদের হাই জাম্পের টি৬৪ বিভাগে ২.০৫ মিটার লাফিয়ে নতুন গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন প্রবীণ কুমার। একই বিভাগে ১.৯২ মিটার লাফিয়ে রুপো পেয়েছেন ভারতেরই বান্তি। ফলে এই ইভেন্টে সোনা ও রুপো—দুটিই এসেছে ভারতের ঝুলিতে।
পুরুষদের শটপাটের এফ৪৬ বিভাগেও দুরন্ত পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের। শেষ থ্রোয়ে ১৫.৮৭ মিটার ছুড়ে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন প্যারালিম্পিক পদকজয়ী সচিন খিলারি। ১৫.০৬ মিটার ছুড়ে রুপো পেয়েছেন মহম্মদ ইয়াসের। ১৪.৯৪ মিটার দূরত্বে বল ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন পরভিন। এই বিভাগে তিনটি পদকই ভারতের দখলে।
পুরুষদের শটপাটের এফ৫৩ বিভাগে ৮.১৬ মিটার ছুড়ে সোনা জিতেছেন আয়ুষ বর্মা। এর আগে জ্যাভলিনে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ফলে এবারের প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় পদক।
মহিলাদের ১০০ মিটার টি১২ বিভাগে ১২.০২ সেকেন্ড সময় করে নতুন গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন সিমরন শর্মা। আগের দিন ২০০ মিটারেও সোনা জিতেছিলেন তিনি। অর্থাৎ, অল্প সময়ের ব্যবধানে জোড়া সোনা এল তাঁর ঝুলিতে। পুরুষদের ১০০ মিটার টি৪৭ বিভাগে ১০.৬৯ সেকেন্ড সময় করে সোনা জিতেছেন দিলীপ মহাদু গাভিত। মাত্র ০.০৩ সেকেন্ড পিছিয়ে ১০.৭২ সেকেন্ডে রুপো জিতেছেন মহম্মদ বাসিল।
ভারতের পদক তালিকায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন অন্য অ্যাথলিটরাও। পুরুষদের ৪০০ মিটার টি৩৫/৩৮ বিভাগে ৫১.২৫ সেকেন্ড সময় করে রুপো পেয়েছেন আকিরা নন্দন বানথু। মহিলাদের ১০০ মিটার টি৩৫ বিভাগে ১৩.৯৮ সেকেন্ড সময় করে রুপো পেয়েছেন প্রীতি। ২০০ মিটারেও রুপো জিতেছিলেন তিনি। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৫ বিভাগে ২৯.৯৪ মিটার ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন সুখচেন সিং। মহিলাদের ডিসকাস থ্রো এফ৫৫ বিভাগে ব্যক্তিগত সেরা ২১.৬০ মিটার ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন করমজ্যোতি দলাল।
সাঁতারেও এসেছে একাধিক পদক। পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল এস১৩ বিভাগে ১ মিনিট ১০.১০ সেকেন্ড সময় করে রুপো পেয়েছেন রবি কার্তিক বুদিগিনা। এই প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় পদক। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক এসবি১১ বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন হিমাংশু নন্দল। আগের দিনও ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক এসবি৪ বিভাগে রোহিত কুমারও ব্রোঞ্জ পেয়েছেন।
পাওয়ারলিফ্টিংয়ে মহিলাদের ৬৭ কেজি বিভাগে ১০৮ কেজি ওজন তুলে রুপো পেয়েছেন কস্তুরী। এদিকে, সাইক্লিংয়ের পুরুষদের ১০০ মিটার টি৩৫ বিভাগে অনুবভ চৌধুরী এবং টি৩৭ বিভাগে রাকেশভাই ভট্ট ব্রোঞ্জ পেয়েছেন। দু'জনেই ব্যক্তিগত সেরা সময় করেছেন।
ব্যাডমিন্টনেও ভারতের সাফল্য অব্যাহত। পুরুষদের সিঙ্গলস এসএল৪ বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন সুহাস এলওয়াই, নবীন শিবকুমার ও অভিজিৎ সাখুজা। মহিলাদের হুইলচেয়ার ব্যাডমিন্টনে আলফিয়া জেমস ও পল্লবী কালুভেহাল্লি ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন। এশিয়ান প্যারা গেমসে এই প্রথম হুইলচেয়ার ব্যাডমিন্টনে পদক পেল ভারত। পুরুষদের ডাবলস এসএইচ৬ বিভাগে রুপো পেয়েছেন কৃষ্ণ নগর ও শিবরাজন সোলাইমলাই।
এখনো পর্যন্ত ভারত ১১টি বিভাগের ১৪ টি সোনা ২১ টি রূপো ও ২৩ টি ব্রোঞ্জ পেয়েছে। চলতি প্যারাইশিয়ান গেমসে ভারত এখন পঞ্চম স্থানে।
