Published on
:
1 min read
পুজোর বাদ্যি বেজে গিয়েছে। আর সেই সঙ্গেই বর্ষা বিদায়েরও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৪ অক্টোবরের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বাংলা থেকে। আবহাওয়ার এই পরিবর্তনের কতটা প্রভাব পড়বে রাজ্যে? পুজোয় কেমন থাকবে আবহাওয়া? রইল সমস্ত আপডেট।
দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। কলকাতা-সহ বাংলা জুড়ে একাধিক পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় ইতিমধ্যেই প্যান্ডেল হপিংও শুরু করে দিয়েছেন মানুষ। এর মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে। তবে, বর্ষা বিদায় নিলেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
তৃতীয়ায় কেমন থাকবে কলকাতার আকাশ?
তৃতীয়ায় শহরে কোথাওই ভারী দুর্যোগের সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার চতুর্থী থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে নদিয়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও। ষষ্ঠী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে, রবিবার, প্রথম সপ্তমীর দিন থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমে আকাশ পরিষ্কার হতে পারে। বৃষ্টি কমলে ভোরের দিকে হালকা হিমেল হাওয়া এবং শিরশির ভাব অনুভূত হতে পারে। ফলে পুজোর শেষ কয়েকদিন আবহাওয়া অনেকটাই মনোরম থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপরে শুকনোই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও কোথাও ভারী দুর্যোগের সম্ভাবনা নেই।
