জবির বাসে নতুন রাউটার স্থাপন
- প্রকাশ : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৩৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩নং যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে রাউটার স্থাপন করা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের দুটি বাস- উল্কা-২ ও উত্তরণ-২ বাসে রাউটার স্থাপন করা হয়। এ রাউটার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মো. তারিক বিন আতিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মোঃ, মাহিদ হোসেন নিকট হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে বাসে করে ক্যাম্পাসে যাতায়াত করেন। দীর্ঘ যাত্রাপথে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া, পর্যাপ্ত ডাটা প্যাকেজ না থাকা কিংবা নেটওয়ার্ক সমস্যার কারণে প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়তে হয় অনেককে। এ ভোগান্তি কমাতেই বাসে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তরণ বাসে যাতায়াতকারী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “আমরা প্রতিনিয়তই ক্যাম্পাসে যাতায়াতের সময় ভালো ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হই। বাসে যাতায়াতের সময় পড়াশোনা, অ্যাসাইনমেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ইন্টারনেটের দরকার হয়। কিন্তু মোবাইল ডাটা ও নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় তা ব্যবহার করা সম্ভব হয় না। বাসে রাউটার স্থাপনের উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াতের সময়টুকু কাজে লাগাতে সহায়তা করবে।”
ছাত্রদলের ৩নং যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের সময়টুকু যেন কাজে লাগে, সে চিন্তা থেকেই বাসে রাউটার স্থাপনের উদ্যোগ নিয়েছি। অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যাম্পাসে আসা-যাওয়া করেন। এ সময় ইন্টারনেটের প্রয়োজন হলেও নানা সীমাবদ্ধতার কারণে তাঁরা তা ব্যবহার করতে পারেন না। শিক্ষার্থীদের এ ভোগান্তি কিছুটা কমাতে এবং তাঁদের পড়াশোনা ও প্রয়োজনীয় অনলাইন কার্যক্রমে সহায়তা করতেই আমার এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”
জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরের অনেক সংকট আছে। সংকটের মাঝেও আমরা হচ্ছে চেষ্টা করেছি, যেন শিক্ষার্থীদের যেভাবে হচ্ছে পরিবহনে যেভাবে সুবিধা দেওয়া যায়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হচ্ছে যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন ভাই নিজ থেকে হচ্ছে আমাদের পরিবহন দপ্তরে দুটি রাউটার হস্তান্তর করেছে। ওই চারটা রাউটার আমরা উল্কা-২ বাস এবং হচ্ছে উত্তরণ-২ এই দুইটা বাসে আমরা হস্তান্তর করে দিয়েছি। ভাইয়ের যেই যে কাজগুলো মানবিক কাজগুলো, শিক্ষার্থীবান্ধব যে কাজগুলো, সেগুলো চলমান থাকুক। শাহরিয়ার ভাইকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে ধন্যবাদ জানাই।”
এ সম্পর্কে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারিক বিন আতিক বলেন, “আমরা রাউটার হাতে পেয়েছি এবং তা বাস দুটিতে স্থাপন করা হবে। এতে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে আশা করছি। আমরা শিক্ষার্থীদের যাতায়াতের সময় যাতে পড়াশোনার ব্যাঘাত না ঘটে এজন্য শাহরিয়ারের এ উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
-
সর্বশেষ সংবাদ
জনপ্রিয়

নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- প্রকাশ : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৩৫ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মচারী ঐক্য ফোরামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ যেহেতু সবচেয়ে বেশি কার্যকর, তাই আমাদের ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। নোবিপ্রবিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো। বক্তব্যে কর্মসূচির আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ সময় অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, কর্মকর্তা ঐক্য ফোরামের আহ্বায়ক ও উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্ল্যাহ, কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব আনোয়ার হোসেন সুমনসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

- প্রকাশ : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৩৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় দেশীয় প্রজাতির গাছ রোপণের বিকল্প নেই। তবে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পরিকল্পিত বৃক্ষরোপণ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় জবির দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক মো. রাশাদুল হক, সহযোগী অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ শহিদুল্লাহ তাসফিক, সহযোগী অধ্যাপক সুমন কুমার মজুমদার, সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক দেওয়ান বদরুল হাসান।
কর্মসূচিতে দ্বিতীয় ক্যাম্পাসে পেয়ারা, কাঁঠাল, লেবু ও আমড়াসহ বিভিন্ন ফলদ গাছ এবং নিম ও অর্জুনের মতো ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য দুটি বিআরটিসি বাস উদ্বোধন।
- প্রকাশ : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬, সময় : ৯:০৭ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযোজিত দুটি দ্বিতল বিআরটিসি বাস উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) প্রধান অতিথি হিসেবে বাস দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তারা নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে শুধু শ্রেণিকক্ষ, গবেষণাগার কিংবা আবাসন সুবিধা নিশ্চিত করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। আমরা আশা করি, নতুন দুটি বাস শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে। শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নোয়াখালী, এর ম্যানেজার রাজু মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

ছবি : সংগৃহীত
- প্রকাশ : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১৫ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি।
তবে চুয়েট ক্যাম্পাস ছাড়ার ক্ষেত্রে উপাচার্যকে একটি শর্ত দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের নিচে তাকে নামিয়ে আনার পর মাইক হাতে এক শিক্ষার্থী ঘোষণা দেন, ‘ভিসিকে আমরা ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছি একটি মাত্র শর্তে, সেটি হলো তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।’
এ সময় ওই শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পরে পুলিশি নিরাপত্তায় উপাচার্যকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ সময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসেছি। তাদের দাবি-দাওয়া শুনেছি। আমরা তাদের আশ্বস্ত করে বলেছি যে- তাদের দাবিগুলো সরকারকে জানাব। পরে শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের তালা খুলে দেন। পুলিশি পাহারায় উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ভেতরে থাকা সবাইকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস থেকে বের করে নেওয়া হয়।
কোথায় নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আপাতত আমরা তাকে আগে হাসপাতালে নিয়ে যাবো।
এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে চুয়েট ক্যাম্পাসে যান ডিসি জাহিদুল ইসলাম ও এসপি মাসুদ আলম। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ডিসি জাহিদুল ও এসপি মাসুদ আলম শিক্ষার্থীদের জানান, আমরা আপনাদের দাবিগুলো সরকারকে জানাব। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অসুস্থবোধ করছেন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবো। পরে শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের তালা খুলে দেন। পুলিশি পাহারায় উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ভেতরে থাকা সবাই ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩০ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকেন নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। গতকাল সোমবার দুপুর ১২টার পর শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দেওয়ায় তিনি নিজ কার্যালয়ে আটকে পড়েন। তালা দেওয়ার পাশাপাশি উপাচার্য ভবনের পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করেন শিক্ষার্থীরা।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২২ সেপ্টেম্বর থেকে অধ্যাপক আবু সাদাতকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ‘কর্মবিরতি’ পালন করে আসছেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনের কারণে দায়িত্ব গ্রহণের পরও ক্যাম্পাসে আসতে পারছিলেন না নতুন উপাচার্য। তবে গতকাল সোমবার ছাত্রদল নেতাদের নিয়ে উপাচার্য ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে নিজ দপ্তরে যান তিনি।
নতুন উপাচার্য ক্যাম্পাসে আসার খবরে সকাল সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা তার দপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা উপাচার্যকে কার্যালয় ত্যাগ করতে সময়সীমা বেঁধে দেন।
তবে নির্ধারিত সময় অতিক্রম করার পর দুপুর ১২টার দিকে তারা উপাচার্য ভবনের ফটকে আবারও তালা ঝুলিয়ে দেন। ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেন তারা।
শিক্ষার্থীরা ভবনে তালা দেওয়ায় উপাচার্যসহ ১০-১১ জন ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। তাদের মধ্যে চুয়েট ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদও রয়েছেন। অন্যরা বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী।

জবিতে গ্রীন ভয়েসের নবীনবরণ
- প্রকাশ : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৫১ পিএম
সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে পরিবেশ সংরক্ষণ, নদীদূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সেমিনার কক্ষে ‘শরতের শুভ্র ছোঁয়ায়, নবীনবরণ সবুজের মায়ায়’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির জবি শাখা।
‘শরতের শুভ্র ছোঁয়ায়, নবীনবরণ সবুজের মায়ায়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, নদীদূষণ প্রতিরোধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তরুণদের করণীয় নিয়ে আলোচনা হয়।
গ্রীন ভয়েস জবি শাখার সভাপতি নাজনীন আক্তার বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুন নাহার এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মনিরা জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য রাকিবুজ্জামান লিখন ও তাসনীম আরা রিফা।
অনুষ্ঠানে তরুণদের ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে সংগঠনটির সাবেক সভাপতি রাশেদুজ্জামান লিমন বলেন, "পরিবর্তনের সূচনা হোক নিজের ঘর থেকেই। গ্রীন ভয়েস শুধু পরিবেশ নিয়ে কাজ করে না, এটি একটি পরিবেশবাদী যুব আন্দোলন। এখানে কাজের মাধ্যমে তরুণেরা নেতৃত্ব, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের সুযোগ পান।"
বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে সংগঠনটির উপদেষ্টা ড. নাজমুন নাহার বলেন, "বর্জ্য ব্যবস্থাপনার মতো বড় সমস্যা এককভাবে সমাধান করা সম্ভব নয়। এ জন্য সুশাসনের প্রতিটি স্তরে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। পরিবেশ রক্ষায় ছোটবেলা থেকেই শিশুদের সচেতন করতে হবে। এ লক্ষ্যে স্কুলপর্যায়ে প্রামাণ্যচিত্র ও সচেতনতামূলক ভিডিও তৈরিসহ তরুণদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"
পরিবেশ আন্দোলনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, "দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই চেতনা থেকেই তরুণদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গাসহ নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও তরুণদের ভূমিকা রাখতে হবে।"
এ সময় পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বিশ্ববিদ্যালয়কে আরও পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে গ্রীন ভয়েস জবি শাখার সাধারণ সম্পাদক মো. শিমুল মোড়ল বলেন, "গ্রীন ভয়েস শুধু একটি সংগঠনের নাম নয়; এটি একটি চিন্তা, একটি দায়িত্ব এবং সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়। আমরা চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশসচেতন ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রীন ভয়েসের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।

চুয়েটের উপাচার্য ভবন
- প্রকাশ : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬, সময় : ১২:১০ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৩ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে রয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। গতকাল দুপুর ১২টার পর শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দেওয়ায় তিনি নিজ কার্যালয়ে আটকে পড়েন। আজ বেলা ১১টা পর্যন্ত তিনি ভবন থেকে বের হতে পারেননি। তালা দেওয়ার পাশাপাশি উপাচার্য ভবনের পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন শিক্ষার্থীরা।
তাঁদের দাবি, নতুন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ফটকের তালা খুলবেন না তাঁরা। এদিকে চুয়েটে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি ও ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালন করছেন।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২২ সেপ্টেম্বর থেকে অধ্যাপক আবু সাদাতকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ‘কর্মবিরতি’ পালন করে আসছেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনের কারণে দায়িত্ব গ্রহণের পরও ক্যাম্পাসে আসতে পারছিলেন না নতুন উপাচার্য। তবে গতকাল ছাত্রদল নেতাদের নিয়ে উপাচার্য ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে নিজ দপ্তরে যান তিনি।
নতুন উপাচার্য ক্যাম্পাসে আসার খবরে সকাল সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা তাঁর দপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা উপাচার্যকে কার্যালয় ত্যাগ করতে সময়সীমা বেঁধে দেন। তবে নির্ধারিত সময় অতিক্রম করার পর দুপুর ১২টার দিকে তাঁরা উপাচার্য ভবনের ফটকে আবারও তালা ঝুলিয়ে দেন। ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেন তাঁরা।
শিক্ষার্থীরা ভবনে তালা দেওয়ায় উপাচার্যসহ ১০-১১ জন ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। তাঁদের মধ্যে চুয়েট ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদও রয়েছেন। অন্যরা বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। এর মধ্যে দিবাগত রাত দেড়টার দিকে একজন অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘আমার সঙ্গে চারজন অ্যালামনাই আছেন। একজন আমার বন্ধু, দুজন বড় ভাই। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রও আছে ৬-৭ জন। শিক্ষার্থীরা আন্দোলন করুক, সমস্যা নেই। কিন্তু আমি দপ্তরে এলাম নয়টায়, এর দু-তিন ঘণ্টার মধ্যেই এভাবে বিদ্যুৎ, পানি, গ্যাসের লাইন বন্ধ করে দেওয়াটা অমানবিক।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কোনো লিখিত দাবি আমার কাছে নেই। তাদের কোনো বক্তব্য সম্পর্কেও আমি অবগত নই। তারা যদি লিখিত আকারে দাবি দেয়, তবে শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসিকে অবহিত করতাম।’
রাতে ঘুমাতে পারেননি জানিয়ে আজ বেলা পৌনে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘রাত ২টায় পুলিশের মাধ্যমে খাবার এসেছিল, সেটিই আমরা খেয়েছিলাম। আমার প্রচণ্ড মাথাব্যথা, তাই রাতে ঘুমাইনি। এ রকম অনেকেরই অনেক সমস্যা হচ্ছে।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাঁরা উপাচার্যের পদত্যাগ চান। তিনি পদত্যাগ করলেই তালা খুলে দেওয়া হবে। আন্দোলনরতদের একজন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২২-২৩ ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান বলেন, ‘তিনি পদত্যাগ করলেই আমরা তালা খুলে দেব। তখন তিনি সসম্মানে যেতে পারবেন।’
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ বলেন, ‘তিনি যে এভাবে আসবেন, আমরা ভাবিনি। আমরা আমাদের অসহযোগ কর্মসূচি চালিয়ে যাব। উনি তো খুব বলতেন, ওনার সঙ্গে অনেক শিক্ষক আছে, ছাত্র আছে। এখন তাঁরা তাঁকে সাহায্য করুক।’
