বিশ্ববিদ্যালয় জীবনের টানাপোড়েন, প্রেম এবং আত্মপরিচয় খোঁজার বাস্তব গল্প নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসজেএ প্রোডাকশন নিশ্চিত করেছে, গত শুক্রবার থেকে দেশের মোট ১১টি প্রেক্ষাগৃহে একযোগে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পরিবারের আকাশচুম্বী প্রত্যাশা এবং তরুণ বয়সের আর্থিক সংকটকে কেন্দ্র করে সিনেমাটির মূল গল্প সাজানো হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা শহরের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এবং শ্যামলী সিনেমা হলে সিনেমাটি দেখা যাচ্ছে। চট্টগ্রামের দর্শকদের জন্য বালি আর্কেডের স্টার সিনেপ্লেক্স ও সুগন্ধা সিনেপ্লেক্সে এটি চলছে। এ ছাড়া কুমিল্লার ‘কে স্ক্রিন’ (কুমিল্লা ক্যান্টনমেন্ট), নারায়ণগঞ্জের ‘সিনেস্কোপ’, কুষ্টিয়ার ‘স্বপ্নীল সিনেপ্লেক্স’, বগুড়ার ‘মমো ইন সিনেপ্লেক্স’ এবং রাজশাহীর ‘গ্র্যান্ড রিভার ভিউ’-তেও মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় মোট ৬টি মৌলিক গান যুক্ত করা হয়েছে। তরুণ প্রজন্মের প্রাত্যহিক সংগ্রাম ও সম্পর্কের টানাপোড়েন ফুটিয়ে তুলতে এতে অভিনয় করেছেন নবীন শিল্পীরা। চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ ইফতিখার।
চলচ্চিত্রটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর নেপথ্য কারিগররা সবাই বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী ক্যামেরা ও কারিগরি অংশের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। সিনেমাটির চিত্রনাট্য রচনা এবং পরিচালনার দায়িত্ব পালন করেছেন চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান।
