নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পামওয়েলের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া থানার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করা শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল জব্দ করা হয়। জব্দ করা পামওয়েলের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা পামওয়েল ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/আর আই