যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া শুক্রবার (১৬ অক্টোবর) এ কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি না ছাড়লে তাদের বিতাড়িত করা হবে। খবর সিবিএস নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং বৈশ্বিক অর্থনীতির উন্নতি হবে। আর তারা চলে না গেলে আমরা তাদের বিতাড়িত করব।
তবে যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধে পাঠানো সামরিক বাহিনী, মধ্যপ্রাচ্যজুড়ে মোতায়েন করা সব মার্কিন সেনা, নাকি দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি তিনি জানিয়েছেন, তা স্পষ্ট করেননি।
চলতি মাসের শুরুর দিকে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসার বিষয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। অন্যদিকে তেহরানের বক্তব্য, ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই প্রণালি দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না।
এদিকে গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিস্কস বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখলেও সেগুলো নির্বিচার হামলার ঝুঁকিতে রয়েছে। শনাক্ত হওয়া এড়াতে অনেক জাহাজই ইতিমধ্যে তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখেছে।
