

তিনবারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
রবিন আরও জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন ।
সালাহ উদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।
১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরির প্রতিবাদ করতে গিয়ে তিনি ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছিলেন।
ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তার সরকারের সাবেক ১২ উপদেষ্টা। মঙ্গলবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা এ ঘটনার নিন্দা জানান। একই সঙ্গে অধ্যাপক ইউনূসকে ঘিরে অপপ্রচার, অনলাইন হয়রানি ও হুমকি বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে ঘিরে কয়েকজনের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে উদ্দেশ করে কয়েকজনকে উচ্চ স্বরে কথা বলতে ও বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ঘটনাটির পর দেওয়া বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, অধ্যাপক ইউনূসকে লক্ষ্য করে ধারাবাহিক হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং পরিকল্পিতভাবে আক্রমণের ঘটনা উদ্বেগজনক। তাঁরা এসব কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানান। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান। বিবৃতিতে তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের মতো সংকটের মধ্যে দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিল অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তাদের দাবি, ওই সরকারের সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। সাবেক উপদেষ্টারা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার। তাদের প্রত্যাশা ছিল, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, বিগত শাসনামলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষার উদ্যোগ অব্যাহত থাকবে। বিবৃতিতে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু রাজনৈতিক ব্যক্তি নিয়মিতভাবে অধ্যাপক ইউনূসকে নিয়ে বিদ্বেষমূলক প্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তাকে শারীরিকভাবে আঘাত করার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। এ ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন সাবেক উপদেষ্টারা। তারা বলেন, ভয়ভীতি, অপপ্রচার, অনলাইন হয়রানি কিংবা ব্যক্তিগত হুমকি দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তনের প্রতি তাদের অঙ্গীকার দুর্বল করা যাবে না। বিবৃতির শেষাংশে সাবেক উপদেষ্টারা বলেন, বাংলাদেশের জনগণ ও তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে সংস্কার ও মর্যাদা প্রতিষ্ঠার যে জনসমর্থন তৈরি হয়েছে, বিদ্বেষমূলক প্রচার কিংবা অপচেষ্টা দিয়ে তা মুছে ফেলা সম্ভব নয়।

মৎস্য ও কৃষিখাতে উৎপাদন বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: মন্ত্রী
দেশের মৎস্য ও কৃষিখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে গবেষণা ও আধুনিক প্রযুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রচলিত জ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণায় মনোনিবেশ করতে হবে। মঙ্গলবার বিকেলে চাঁদপুরের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ও মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাদের হাত ধরেই দেশ আরও উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর হয়ে উঠবে। এ জন্য বর্তমান প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পূর্ববর্তী প্রজন্মের অর্জন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আরও সুন্দর দেশ গড়ে তোলা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একসময় পেশা নির্বাচনের ক্ষেত্রে চিকিৎসক, প্রকৌশলী কিংবা শিক্ষক হওয়ার বিষয়টি বেশি গুরুত্ব পেত। তবে বর্তমানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। এসব খাতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত তরুণদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। মন্ত্রী আরও বলেন, মৎস্য ও কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষার্থী ও গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যপণ্য রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে রপ্তানি সম্প্রসারণে শুধু প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। পরিকল্পিত উৎপাদন, উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে। কৃষি ও মৎস্য খাতে কীটনাশকসহ বিভিন্ন রাসায়নিকের ব্যবহারের প্রভাব নিয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে গিয়ে মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই এসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ খাতে মেধাবী ও আগ্রহী তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। মৎস্য ও কৃষিখাতের উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে কৃষি ও মৎস্য উৎপাদনে আরও স্বনির্ভর করে গড়ে তোলা সম্ভব। মতবিনিময় সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবুল কৃষ্ণা ওঝা এবং মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বি. এম. মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতিতে মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের চার মাস আগের আগাম পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপের কারণে অতীতের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত। তিনি জানান, চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসার ফলে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। একসময় যেখানে আক্রান্তদের মধ্যে প্রতি হাজারে পাঁচজন মারা যেতেন, তা এখন হাজারে তিনজনে নেমে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলা একাডেমীতে মানসিক স্বাস্থ্য নিয়ে এক সেমিনার শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী । প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সরকারের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি ও নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার এবার হাত গুটিয়ে বসে থাকেনি; চার মাস আগেই ডেঙ্গু মোকাবিলার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্রায় দুই মাস আগেই পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছিল যে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর জুড়ে ডেঙ্গুর পিক বা চূড়ান্ত প্রকোপ দেখা দেবে, যা নভেম্বর পর্যন্ত চলতে পারে। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ভয়াবহ পরিস্থিতির তুলনায় এবার আক্রান্তের সংখ্যা ও তীব্রতা অনেক কম হলেও বর্তমান পরিস্থিতিকে সরকার কোনোভাবেই হালকাভাবে দেখছে না। প্রতিটি মৃত্যুই অত্যন্ত বেদনার এবং সরকার সংক্রমণ শূন্যের কোঠায় নামাতে কাজ করছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত জানান, খোদ প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সংগঠনের প্রায় ১ হাজার তরুণ স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেছেন। এছাড়া প্রতি শনিবার দেশের সব সরকারি প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। স্কুল-কলেজ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দেশব্যাপী এই তৎপরতা ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, এবার বিশেষ করে ঢাকা ও খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর চাপ বেশি। সিটি করপোরেশনের প্রশাসকদ্বয়, সংশ্লিষ্ট টিম ও স্বাস্থ্য কর্মকর্তারা দিনরাত মশা ও লার্ভা নিধনে কাজ করছেন। নগরবাসীর দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে আন্তর্জাতিক জনসাস্থ্যবিদ প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, শুধু আইন প্রয়োগ বা পুলিশ দিয়ে রোগ ঠেকানো সম্ভব নয়। ঢাকা এখন বহুতল ফ্ল্যাটবাড়ির শহর। অনেক সময় নিরাপত্তার কারণে ভ্রাম্যমাণ আদালত বা ম্যাজিস্ট্রেট ছাড়া পরিচ্ছন্নতাকর্মীরা এসব ভবনে ঢুকতে পারেন না। দেখা যায়, ভবনের নিচে পার্কিংয়ের পেছনে কিংবা ফেলে রাখা ইলেকট্রনিক পণ্যের কার্টনে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি হচ্ছে। নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "নিজের ঘর, ছাদ, বারান্দার টব এবং ভবনের নিচতলা নিয়মিত পরিষ্কার রাখুন। আপনার এই সচেতনতাই আপনার বাবা-মা ও সন্তানকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখবে।" ডেঙ্গুর সম্ভাব্য ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে ভ্যাকসিন ইস্যুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বে বর্তমানে দু-তিনটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন ধাপ পেরিয়ে প্রায় ৩০টি দেশে মূলত বেসরকারি পর্যায়ে ব্যবহারের অনুমোদন পেয়েছে। সম্প্রতি ভারতেও এটি বেসরকারিভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশে গণহারে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সরকার অত্যন্ত দায়িত্বশীল ও সতর্ক অবস্থান নিচ্ছে। প্রতিমন্ত্রী ড মুহিত স্পষ্ট করেন, "আমাদের কোটি কোটি মানুষের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি জড়িত। বিজ্ঞানীদের মতামত, ক্লিনিক্যাল ডেটা এবং আমাদের জনসংখ্যার ওপর ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া বা কার্যকারিতা চুলচেরা বিশ্লেষণ না করে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।" তিনি আরও যোগ করেন, ভ্যাকসিন তাৎক্ষণিকভাবে চলতি মৌসুমের প্রাদুর্ভাব থামানোর উপায় নয়, এটি ভবিষ্যতের সুরক্ষার বিষয়। এছাড়া এডিস মশা নিধনে জাপানের উদ্ভাবিত আধুনিক ভেক্টর কন্ট্রোল প্রযুক্তি দেশে ব্যবহারের সম্ভাব্যতা ও ট্রায়াল নিয়ে সরকার কাজ করছে। আক্রান্তদের জীবন বাঁচাতে নেওয়া উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের প্রায় ২ হাজার চিকিৎসককে ডেঙ্গু চিকিৎসায় রিফ্রেশার্স ট্রেনিং দেওয়া হয়েছে। এর ইতিবাচক প্রভাব হিসেবেই চিকিৎসা ব্যবস্থাপনায় বড় উন্নতি হয়েছে এবং সামগ্রিক মৃত্যুহার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম
দেশে আমাদের কোন নিরাপত্তা নাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি আমাদের দেশে নিরাপত্তা দিতে পারেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি আমাদের বিদেশে নিরাপত্তা দিতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর শকুনি লেকপাড় মুক্তমঞ্চে জেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, তারেক রহমানের সরকার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছেন অথচ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে সকল শক্তি তাদেরকে তিনি নিরাপত্তা দিতে পারছেন না। বাংলাদেশের জনগণ এখন কোথায় যাবে যদি বর্তমান সরকার গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে আসা সরকার যদি ব্যর্থ হয় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সরকার ব্যর্থ হয়েছে। এসময় মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক মনিরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলাম, এনসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এমসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, যেভাবে সূত্রপাত
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।


