বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন গন্তব্যে ফেরা মানুষেরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
তবে দুপুরে শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হলেও তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
