রাজধানী ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিন জেলায় সংক্ষিপ্ত সফর শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকালে প্রথমে রংপুর যাবেন। এরপর সেখান থেকে রাজশাহী ও চট্টগ্রামে যাবেন। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তাঁর এ সফর শুরু হবে।
আতিকুর রহমান রুমন বলেন, “এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন।”
চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।
আজ মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এ প্রধান ধর্মীয় উৎসব।
সানা/আপ্র/২০/১০/২০২৬
