মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে ‘ফোর স্টার গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসী মামুন, মশিউর ও জামিলের তিন ভাগ্নেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ; তাদের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক ওই তিন সন্ত্রাসীর কাছে পাঠানো হতো বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে ‘ফোর স্টার গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসীদের তিন ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। তারা তিনজন সহোদর। তাদের বাবা আমির হোসেন এবং মা নাসিমা বেগম। নাসিমা বেগম মিরপুরের ‘ফোর স্টার গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের বড় বোন।
পুলিশের দাবি, গ্রেপ্তার মেহেদী হাসান ওরফে জয় মফিজুর রহমান মামুনের চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত। তার মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব কাজে লাগিয়ে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তিন ভাইয়ের সঙ্গে ওই সন্ত্রাসীদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমেও তাদের মধ্যে যোগাযোগ হতো।
গ্রেপ্তার তিন ভাইয়ের স্থায়ী ঠিকানা সাভারের নামাগেন্ডা এলাকায়। বর্তমানে তারা রাজধানীর পল্লবী থানার কালশী এলাকার একটি বাসায় থাকতেন।
ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বিকাবদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর বিভাগে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
