প্রতিনিধি, লাখাই · ১৩ অক্টোবর, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আটজন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছে। তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর একটি শেয়াল লোকালয়ে ঢুকে মানুষকে কামড়াতে শুরু করে। এতে তিনটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ডা. লুৎফুল হাসান শোহন জানান, সোমবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত ২৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
