জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় জিহাদ হাসান জয় (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রার্থী যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার মাত্র ২১ ঘণ্টা আগে নিজের ফেসবুকে অন্য একটি সড়ক দুর্ঘটনার খবর শেয়ার করেছিলেন তিনি। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই একই ধরনের সড়ক দুর্ঘটনায় নিজের প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নিশ্চিন্তা যাওয়ার পথে রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ হাসান জয় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি এইচএসসি পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিশ্চিন্তার দিকে যাচ্ছিলেন জিহাদ। পথে রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠান। তবে বগুড়ায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তরুণ ছেলেকে হারিয়ে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, গত রোববার রাতে জয়পুরহাট-বটতলী মহাসড়কের ডালিম পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় মিতুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। সেই দুর্ঘটনার একটি লাইভ ভিডিও গত রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছিলেন জিহাদ। সেই পোস্ট করার মাত্র ২১ ঘণ্টার মাথায় নিজেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
